ফেসবুক স্ট্যাটাসের পর হামলার অভিযোগ, ঢাকা মেডিকেলে ছাত্রদল নেতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফেসবুক স্ট্যাটাসের পর হামলার অভিযোগ, ঢাকা মেডিকেলে ছাত্রদল নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : May 8, 2026 ইং
ফেসবুক স্ট্যাটাসের পর হামলার অভিযোগ, ঢাকা মেডিকেলে ছাত্রদল নেতা ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কৃষকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রহমত উল্লাহ, তার বাবা মতিউর রহমান এবং রুহুল মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রহমত উল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় অভিযোগ করেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক কারবারিদের কাছ থেকে সুবিধা নিয়ে এসব কর্মকাণ্ডে জড়িত।

পোস্টে তিনি লেখেন, কিছু ব্যক্তি গোপনে অপকর্ম করলেও মনে করেন তা কেউ জানে না, অথচ এলাকার মানুষ সবই জানে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ওই পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যা ও রাতে দুই দফায় হামলার ঘটনা ঘটে। এতে রহমত উল্লাহ টেঁটাবিদ্ধসহ গুরুতর আহত হন। আহত হন তার বাবা মতিউর রহমান এবং রুহুল মিয়াও।

রহমত উল্লাহর দাবি, ফেসবুকে মাদকবিরোধী বক্তব্য দেওয়ার কারণেই তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে হামলা ও ভাঙচুরও চালায়।

গুরুতর আহত অবস্থায় রহমত উল্লাহ ও তার বাবা মতিউর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াছিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন কৃষকদল নেতা ফরহাদ মিয়া, জাহাঙ্গীর মিয়া ও আলমগীর।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. ইয়াছিন বলেন, বাখরনগর গ্রামের ঘটনায় একজন টেঁটাবিদ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলল ইরান, পাল্টা হুঁশিয়ারি

ট্রাম্পের মন্তব্যকে বেপরোয়া বলল ইরান, পাল্টা হুঁশিয়ারি