নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক সেবনের দায়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের ছেলে মোবারক করিম স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশি হেফাজত থেকে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি স্থানীয় এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগও উঠেছে।
বুধবার (৭ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান এ আদেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, ঘটনাস্থল থেকে মাদকসহ হাতে-নাতে আটক করা হয়েছে মোবারক করিম স্বাধীনকে। পরে মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা জরিমানা ও তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের কবরস্থান মোড় এলাকা থেকে তিন পিস ইয়াবাসহ স্বাধীনকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মাসুদের সমর্থকেরা তদন্ত কেন্দ্রের সামনে জড়ো হন। একপর্যায়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. আসাদুর রহমান। আদালত মাদক সেবনের দায়ে স্বাধীনকে তিন দিনের কারাদণ্ড দেন।
এদিকে এ ঘটনার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বিশনন্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম।
নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, মাদকসহ আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ছবি তুলতে গেলে গাজী মাসুদের লোকজন তাকে মারধর করেন। পরে বাসায় গিয়েও তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, স্বাধীনকে পুলিশের কাছে হস্তান্তরের পর কিছু লোকজন এসে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় পাঠানো হয়।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন গাজী মাসুদ। তিনি বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় করতেই পরিকল্পিতভাবে তার ছেলেকে ফাঁসানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক