পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শোকের তাজিয়া মিছিল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শোকের তাজিয়া মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শোকের তাজিয়া মিছিল ছবির ক্যাপশন:

১০ মহররম, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। শুক্রবার (২৬ জুন) সকালে হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এ শোকযাত্রায় কালো পোশাকে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে আয়োজিত এই মিছিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রধান তাজিয়া মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমণ্ডির প্রতীকী ‘কারবালা’ প্রাঙ্গণে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। কেবল কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যবিধির কারণে এই ঐতিহ্যবাহী কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল।

সকাল থেকেই পুরান ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শিশু, নারী এবং নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিতে ভিড় করেন। অনেককে চোখের জল ফেলতে, আবার অনেককে বুক চাপড়ে কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণ করতে দেখা যায়। শোকের প্রতীক হিসেবে অধিকাংশ অংশগ্রহণকারীর পরনে ছিল কালো পোশাক। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মিছিলটি হোসেনি দালান থেকে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব ও জিগাতলা হয়ে ধানমণ্ডি লেকে পৌঁছাবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের অন্যতম প্রধান ধর্মীয় কর্মসূচি সম্পন্ন হবে।

তাজিয়া মিছিল শেষে বাদ জুমা হোসেনি দালানে ‘ফাকা শিকানি’ নামে পরিচিত শিরনি বিতরণ করা হবে। এছাড়া সন্ধ্যায় ‘সামে গারিবা’ নামে বিশেষ মজলিশ অনুষ্ঠিত হবে। এ সময় কারবালার বেদনাবিধুর ঘটনাকে স্মরণ করে ইমামবাড়ার সব আলো নিভিয়ে শোক পালন করা হবে।

হোসেনি দালান ছাড়াও রাজধানীর প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়ায় মহররম উপলক্ষে পৃথক তাজিয়া মিছিল, মজলিশ এবং বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া এবং মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী শোকানুষ্ঠান পালিত হচ্ছে।

তাজিয়া মিছিল নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মিছিলের সামনে ও পেছনে সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে, যাতে ধর্মীয় এই শোকানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি

বিদেশি কম্পানিকে সম্পত্তি কেনার সুযোগ দিচ্ছে সৌদি