অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার সংযুক্ত আরব আমিরাতের দুবাই-এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক শিকদার গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রন হক শিকদারের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন এবং প্রায় এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন।
এর আগে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করা হয়।
তদন্তে বলা হয়, রন ও রিক হক শিকদার বাংলাদেশ ব্যাংকের বিধি লঙ্ঘন করে ফরেন কারেন্সি অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অতিরিক্ত ব্যয় করেন এবং পরে তা পাচারের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয়।
মামলায় ন্যাশনাল ব্যাংকের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। রন হক শিকদারের মৃত্যুর খবর প্রকাশের পর ব্যবসায়িক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কসমিক ডেস্ক