গরমের দিনে রসালো তরমুজ যেন এক টুকরো স্বস্তি। এটি শরীর ঠাণ্ডা রাখে, পানির চাহিদা পূরণ করে এবং প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তবে এই উপকারী ফলও কখনও কখনও অজান্তে স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যদি তা সঠিকভাবে সংরক্ষণ বা গ্রহণ না করা হয়।
বর্তমানে অনেকেই বাজার থেকে পুরো তরমুজ না কিনে কাটা অংশ কিনে থাকেন। বিক্রেতারা ফল কেটে ভেতরের লাল অংশ দেখান, যাতে ক্রেতারা সহজেই ভালো ফল চিনতে পারেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসেই লুকিয়ে আছে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি।
তরমুজে প্রচুর পানি ও প্রাকৃতিক শর্করা থাকে, যা ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। বিশেষ করে গরম ও আর্দ্র আবহাওয়ায় এই বৃদ্ধি আরও দ্রুত হয়। ফলে সঠিকভাবে সংরক্ষণ না করা হলে কাটা তরমুজ সহজেই জীবাণুর উৎসে পরিণত হতে পারে।
চিকিৎসকদের মতে, বাজারে কাটা তরমুজ কেনা ঝুঁকিপূর্ণ। কারণ কাটার সময় ব্যবহৃত ছুরি, বিক্রেতার হাত বা আশপাশের পরিবেশ থেকে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে। এতে সালমোনেলা সংক্রমণ, ই. কোলাই সংক্রমণ এবং লিস্টেরিওসিস-এর মতো সমস্যার ঝুঁকি বেড়ে যায়।
আরও একটি সাধারণ ভুল হলো তরমুজ না ধুয়ে কেটে ফেলা। ফলের বাইরের অংশে থাকা ধুলাবালি বা জীবাণু কাটার সময় ভেতরে চলে যেতে পারে, যা পরে খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে।
এছাড়া কাটা তরমুজ দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দেওয়াও বিপজ্জনক। গরমে এভাবে রাখা হলে ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়, যা পেটের সমস্যা, বমি বা ডায়রিয়ার মতো উপসর্গ তৈরি করতে পারে।
তাহলে কীভাবে এই ঝুঁকি কমানো যায়?
প্রথমত, সম্ভব হলে সবসময় পুরো তরমুজ কিনুন। এতে বাইরের সংস্পর্শ কম থাকে এবং সংক্রমণের সম্ভাবনাও কমে। তরমুজ কাটার আগে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন, যাতে বাইরের ময়লা ও জীবাণু দূর হয়।
দ্বিতীয়ত, ফল কাটার জন্য পরিষ্কার ছুরি ও পরিচ্ছন্ন পৃষ্ঠ ব্যবহার করুন। কাটার পর যত দ্রুত সম্ভব খেয়ে ফেলাই সবচেয়ে নিরাপদ। যদি সংরক্ষণ করতে হয়, তবে অবশ্যই বায়ুরোধী পাত্রে রেখে ফ্রিজে রাখুন।
তৃতীয়ত, কাটা তরমুজ কখনোই দীর্ঘ সময় বাইরে খোলা অবস্থায় রাখবেন না। বিশেষ করে গরমের দিনে এটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সবশেষে বলা যায়, তরমুজ যেমন গরমে আরাম দেয়, তেমনি সঠিকভাবে না খেলে এটি বিপদের কারণও হতে পারে। তাই সচেতনতা ও কিছু সহজ নিয়ম মেনে চললেই আপনি নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন এই সুস্বাদু ও পুষ্টিকর ফল।