পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ১১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ১১

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১ আহত ১১ ছবির ক্যাপশন: পাকিস্তানের পাঞ্জাব ও ইসলামাবাদে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত একটি বাড়ির ধ্বংসাবশেষ।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন ও জি নিউজ।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১২ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পের অবস্থান নির্ধারণ করা হয়েছে অক্ষাংশ ৩২.৫৯ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৩.২৩ পূর্বে।

ভূমিকম্পের পরপরই ইসলামাবাদ ও আশপাশের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ দ্রুত ঘরবাড়ি ও অফিস ত্যাগ করে খোলা স্থানে আশ্রয় নেন। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে এবং কিছু স্থাপনায় ফাটল দেখা দেয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের অভিঘাতে একটি বাড়ির অংশবিশেষ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক কিশোর নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পিন্ড দাদান খান এলাকায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি মাঝারি মাত্রার হলেও এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের তুলনামূলক কাছাকাছি হওয়ায় কম্পন বেশি অনুভূত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো কাজ করছে।

ভূমিকম্পের পর সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স