আসন্ন ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ নতুন এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল ম্যাচে যুক্ত হচ্ছে বর্ণাঢ্য ‘হাফটাইম শো’, যা ফুটবল বিশ্বে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
FIFA-এর সভাপতি Gianni Infantino যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিমেফর ওয়ার্ল্ড ইকোনোমি সামিটে এ তথ্য জানান। তিনি বলেন, ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে ইতিহাসে প্রথমবারের মতো এই আয়োজন করা হবে।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে MetLife Stadium-এ। এই হাফটাইম শো ইতোমধ্যে একটি বিশাল সংগীত আয়োজনে রূপ নিচ্ছে। ব্রিটিশ জনপ্রিয় ব্যান্ড Coldplay এবং তাদের ফ্রন্টম্যান Chris Martin এই পারফরম্যান্স কিউরেট করছেন বলে জানিয়েছেন ইনফান্তিনো।
যদিও এখনো নির্দিষ্ট শিল্পীদের নাম প্রকাশ করা হয়নি, তবে ফিফা প্রধানের ভাষ্য অনুযায়ী, একাধিক আন্তর্জাতিক তারকা এতে অংশ নেবেন এবং এটি হবে “পৃথিবীর সবচেয়ে বড় শো”-এর একটি।
যুক্তরাষ্ট্রে বড় ক্রীড়া ইভেন্টে হাফটাইম শো খুবই জনপ্রিয়, বিশেষ করে Super Bowl-এ। তবে ফুটবলে ১৫ মিনিটের বিরতিতে এমন আয়োজন তুলনামূলকভাবে বিরল। অনেক সমর্থক খেলার ধারাবাহিকতা নষ্ট হওয়ার আশঙ্কায় এই ধরনের বিনোদনের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখান।
এর আগে ২০১৭ সালে জার্মান কাপে পপ তারকা Helene Fischer-এর হাফটাইম পারফরম্যান্স দর্শকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে এবারের আয়োজন আরও পরিকল্পিত ও আকর্ষণীয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই নতুন সংযোজন বিশ্বকাপ ফাইনালকে আরও বর্ণিল ও বৈচিত্র্যময় করে তুলবে—এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
কসমিক ডেস্ক