বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ ছবির ক্যাপশন:

বগুড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও উফশী আউশ চাষ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ এবং পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

কর্মসূচির আওতায় মোট ৬৫০ জন কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ৪ জন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে, যা ফসল সংরক্ষণ ও অপচয় কমাতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ। তিনি বলেন, কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি চালু রেখেছে। এসব কর্মসূচির মাধ্যমে কৃষকরা আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান এবং বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক।

এছাড়াও কৃষক দল নেতা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃষি কর্মকর্তারা জানান, খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ বাড়াতে সরকার বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ কমানো সম্ভব হবে।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে সার ও বীজ পাওয়ায় তাদের চাষাবাদে খরচ কমবে এবং লাভের সম্ভাবনা বাড়বে।

অনুষ্ঠান শেষে কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের প্রণোদনা কার্যক্রম ভবিষ্যতে কৃষি খাতে আরও ইতিবাচক পরিবর্তন আনবে এবং খাদ্য উৎপাদনে দেশ আরও স্বয়ংসম্পূর্ণ হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শপথ নিলেন শামা ওবায়েদ: দায়িত্ব পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের

শপথ নিলেন শামা ওবায়েদ: দায়িত্ব পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের