জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতি ভুলে গেছে। তাঁর অভিযোগ, ক্ষমতার স্বাদ পাওয়ার পর দলটি জনগণের স্বার্থের পরিবর্তে রাজনৈতিক সুবিধাকে অগ্রাধিকার দিচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে। কিন্তু মাত্র এক মাসের মধ্যেই তারা “নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে” এবং গণভোটের গণরায়কে উপেক্ষা করেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, “এ সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।”
তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের ভূমিকা তুলে ধরেন। তাঁর মতে, ১৯৪৭ সালের স্বাধীনতা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক বিভিন্ন গণআন্দোলনে শ্রমিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের বড় অংশই শ্রমজীবী মানুষ ছিলেন বলে তিনি উল্লেখ করেন।
নাহিদ ইসলাম আরও বলেন, শ্রমজীবী মানুষের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা যদি যথাযথভাবে বাস্তবায়ন না হয়, তাহলে জনগণের সঙ্গে এটি এক ধরনের প্রতারণা হিসেবে দেখা হবে।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া কিছু অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং সংস্কার বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিএনপি তা ভঙ্গ করেছে।
তার ভাষায়, “রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হবে না। জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের মাধ্যমে শ্রমিকদের অধিকার এবং সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করা হবে।”
সম্মেলনে শ্রমিক কল্যাণ, ন্যায্য অধিকার, কর্মপরিবেশ উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় পর্যায়ে নীতিগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।
কসমিক ডেস্ক