অভয়নগরে গৃহবধূর ওপর এসিড হামলা, স্বামীসহ আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অভয়নগরে গৃহবধূর ওপর এসিড হামলা, স্বামীসহ আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 ইং
অভয়নগরে গৃহবধূর ওপর এসিড হামলা, স্বামীসহ আটক ছবির ক্যাপশন:

যশোরের অভয়নগরে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় স্বামী, শ্বশুরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের বিলকুল এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন—ভুক্তভোগী মাসুরা বেগমের স্বামী আল আমিন শেখ (২২), শ্বশুর মিলন শেখ (৪৫) এবং একই এলাকার মজিদ গাজীর ছেলে মুরসালিন (৩৩)। এ ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা রোজিনা বেগম বাদী হয়ে চারজনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় সাত মাস আগে মাসুরা বেগমের সঙ্গে একই গ্রামের আল আমিন শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাকে তালাক দিতে চাপ দিতে থাকেন স্বামী, শ্বশুর এবং পরিবারের অন্য সদস্যরা। তবে তালাক দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে।

অভিযোগ রয়েছে, গত ১৫ মার্চ রাতে পরিকল্পিতভাবে মাসুরাকে ঘুমের ওষুধ মিশ্রিত কোমল পানীয় খাইয়ে অচেতন করা হয়। এরপর তার পা ও শরীরের স্পর্শকাতর স্থানে এসিড নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে গত ২১ মার্চ গুরুতর অসুস্থ অবস্থায় মাসুরা তার বাবার বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। এরপর দ্রুত তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর মা রোজিনা বেগম জানান, মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলা করতে কিছুটা দেরি হয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভয়নগর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত বাকি আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্তও চলছে।

এই নির্মম ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তর কিভুতে খনি ধস, প্রাণ গেল ২০০ জনের বেশি

উত্তর কিভুতে খনি ধস, প্রাণ গেল ২০০ জনের বেশি