সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এখন থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ এবং ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো মোটরযানকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল দেওয়া হবে না।
২৫ মার্চ জেলা প্রশাসক মনিরা হক স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। একই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স বা রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ। এছাড়া ফিটনেসবিহীন বা মেয়াদোত্তীর্ণ সনদধারী যানবাহন চালানোও আইনত দণ্ডনীয় অপরাধ। এই আইন বাস্তবায়নে জেলার সব পেট্রোল পাম্প ও জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে কাগজপত্র যাচাই ছাড়া তেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মনিরা হক জানান, সড়ক দুর্ঘটনা কমানো এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ম মেনে চলা চালকরা স্বাভাবিকভাবে জ্বালানি পাবেন।
প্রশাসনের এই পদক্ষেপে সড়কে অবৈধ যানবাহনের সংখ্যা কমবে এবং শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক