হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে পাঠানো হচ্ছে। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর ইরান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হলে তা অনুমোদিত হয়নি।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রযোজ্য নিয়ম অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা পাওয়া যায়নি। ফলে নিরাপত্তার স্বার্থে জাহাজটিকে শারজা বন্দরের দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় অবস্থান করছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অনুমতি পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জাহাজে থাকা ৩১ জন নাবিক বর্তমানে নিরাপদে রয়েছেন। তাদের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং মানসিক স্বস্তি বজায় রাখতে দৈনিক খাবারের বরাদ্দও বাড়ানো হয়েছে।
বিএসসি সূত্রে জানা গেছে, জাহাজটি এর আগে ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। পরবর্তীতে কাতার থেকে স্টিল কয়েল বহন করে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়।
বর্তমান পরিস্থিতিতে জাহাজটির গতিপথ পরিবর্তন করা হলেও নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কসমিক ডেস্ক