সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শনকালে জানিয়েছেন, এই ঐতিহাসিক কেন্দ্র সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনার মধ্যে থাকবে একটি আধুনিক স্মৃতি জাদুঘর স্থাপন, শহীদ জিয়ার ভাস্কর্য নির্মাণ এবং মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সরঞ্জাম সংরক্ষণ।
মন্ত্রী বলেন, ২৫ মার্চ ১৯৭১-এর কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর যখন দেশে নেতৃত্বশূন্যতা বিরাজ করছিল, তখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের নতুন গতি সৃষ্টি হয় এবং জনগণের সাহস ও উদ্দীপনা ফিরে আসে।
সংস্কৃতি মন্ত্রণালয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরত্ব তুলে ধরতে এই উদ্যোগ জোরদার করছে। দর্শনার্থীরা প্রথমে বেতার কেন্দ্র পরিদর্শন করে পরে জাদুঘরটি দেখতে পারবে।
পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক