মার্কিন গোয়েন্দা সংস্থার সর্বশেষ মূল্যায়নে উঠে এসেছে নতুন এক উদ্বেগজনক তথ্য—পাকিস্তান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে কাজ করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এর ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করতে পারে।
মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড সিনেটে উপস্থাপিত এক প্রতিবেদনে জানান, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুতগতিতে এগোচ্ছে এবং এর অগ্রগতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি ইঙ্গিত দেন, দেশটি ক্রমেই দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি অর্জনের দিকে এগোচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই ধারা অব্যাহত থাকলে পাকিস্তান শিগগিরই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম সক্ষমতা অর্জনের পথে এগোতে পারে। একই সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষণে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরান-এর পাশাপাশি পাকিস্তানকেও সম্ভাব্য হুমকির তালিকায় রাখা হয়েছে।
বিশ্বজুড়ে ক্ষেপণাস্ত্রের বিস্তার নিয়েও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমানে বিভিন্ন দেশের হাতে প্রায় তিন হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। ধারণা করা হচ্ছে, ২০৩৫ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ১৬ হাজারে পৌঁছাতে পারে।
তবে এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, দেশটির সামরিক সক্ষমতা মূলত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারত-কে কেন্দ্র করেই গড়ে উঠেছে, যদিও সাম্প্রতিক উন্নয়ন বৈশ্বিক পর্যায়ে নতুন উদ্বেগ তৈরি করছে।
কসমিক ডেস্ক