উত্তরাঞ্চলমুখী যাত্রীদের নিরাপত্তায় রংপুরে কঠোর নজরদারি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

উত্তরাঞ্চলমুখী যাত্রীদের নিরাপত্তায় রংপুরে কঠোর নজরদারি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
উত্তরাঞ্চলমুখী যাত্রীদের নিরাপত্তায় রংপুরে কঠোর নজরদারি ছবির ক্যাপশন:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে উত্তরাঞ্চলে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুরে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা।

বিশেষ করে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে র‌্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রংপুর নগরীর মডার্ন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন র‌্যাব ও পুলিশ সদস্যরা।

চেকপোস্টগুলোতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রাপথে কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন ঠেকানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই তৎপরতার মূল লক্ষ্য।

র‌্যাবের সদস্যদের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে রাতের সময় যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল আরও জোরদার করা হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, আগের বছরের তুলনায় এবারের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে।

চেকপোস্ট থাকায় তারা নিজেদের বেশি নিরাপদ মনে করছেন এবং ছিনতাই বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা কমেছে বলে জানিয়েছেন।

একাধিক যাত্রী বলেন, “চেকপোস্ট থাকায় আমাদের ভালো লাগছে। গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে, এতে নিরাপত্তা বাড়ছে। আমরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছি।”

তবে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাসভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ রয়েছে।

অনেক যাত্রী অভিযোগ করেছেন, স্বাভাবিক সময়ে যেখানে ভাড়া ৭০০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে তা বেড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির যাত্রীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।

যাত্রীদের দাবি, প্রশাসন যেন ভাড়া নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, “চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

এছাড়া র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো অপরাধ দমনে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

সার্বিকভাবে, রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর এই সমন্বিত উদ্যোগ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিদ্যুৎ খাতে অদৃশ্য উৎপাদন, দৃশ্যমান বিল

বিদ্যুৎ খাতে অদৃশ্য উৎপাদন, দৃশ্যমান বিল