রাষ্ট্র পরিচালনায় জনগণের ভূমিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক হলো জনগণ। আর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা মূলত জনগণের সেবক হিসেবে কাজ করেন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রশিদ গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করা যায়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
তিনি মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
ঈদকে সামনে রেখে দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণের এই উদ্যোগকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতি বছরই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়।
তার মতে, সমাজের প্রত্যেক স্বচ্ছল মানুষ যদি অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য অনেকটাই কমে আসবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এম কফিল উদ্দিন আহমেদ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের আরও বেশি মানবিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের সময় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব।
তাদের মতে, সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণে এই ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হলে অনেক দরিদ্র পরিবার উপকৃত হবে।
কসমিক ডেস্ক