বগুড়ার সান্তাহার এলাকায় Nil Sagar Express লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচল শুরু করার মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
রেলওয়ে পশ্চিম অঞ্চলের কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে রাতভর কাজ চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন আংশিকভাবে সচল করা সম্ভব হয়।
রেলওয়ের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, উদ্ধারকাজ শেষে আপাতত ট্রেন চলাচল শুরু করা গেলেও দুর্ঘটনাস্থলে এখনো মেরামত কাজ চলমান রয়েছে। নিরাপত্তার স্বার্থে ওই অংশে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করবে এবং একই সঙ্গে রেললাইন পুনর্নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হবে।
রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ঈদের আগমুহূর্তে এমন দুর্ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে, যাতে ঈদযাত্রায় বিঘ্ন কমানো যায়।
উল্লেখ্য, বুধবার দুপুরে সান্তাহারের বাগবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি কোচ লাইনচ্যুত হয়, যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কসমিক ডেস্ক