কালীগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি সমর্থকদের হাতাহাতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কালীগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি সমর্থকদের হাতাহাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
কালীগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি সমর্থকদের হাতাহাতি ছবির ক্যাপশন:
ad728

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এই সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ–পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ধানের শীষের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর একজন সমর্থকের মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে আনতে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছে। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ থেমে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলার তিল্লা বাজারে পাশাপাশি ধানের শীষ ও স্বতন্ত্র কাপ–পিরিচ প্রতীকের দুটি নির্বাচনী অফিস থাকায় দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। বুধবার রাতের সংঘর্ষের পেছনে সেই উত্তেজনাই মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় আলোচনা চলছে।

ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, “আমি এ ধরনের কোনো ঘটনার খবর এখনো পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার পর মন্তব্য করব।”

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করে বলেন, “বিনা উসকানিতে আমার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসন আগেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, দুই পক্ষের কথাকাটাকাটির জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সতর্ক অবস্থানে আছি।”

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব ‘সঠিক’ না পরার অভিযোগে আফগান তরুণীকে কারাবন্দি

হিজাব ‘সঠিক’ না পরার অভিযোগে আফগান তরুণীকে কারাবন্দি