দীর্ঘ ২২ বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আজ মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
তারেক রহমানের এই সফরকে ঘিরে ময়মনসিংহ নগরী ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় নেতারা আশা করছেন, এই জনসভা ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের অন্যতম বড় জমায়েতে পরিণত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।
বিএনপির নেতারা জানান, এই জনসভার মাধ্যমে নির্বাচনী মাঠে দলটির আনুষ্ঠানিক প্রচারণা আরও গতি পাবে। বিশেষ করে দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি নির্বাচনী সভায় অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
গতকাল সোমবার বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান জানান, তারেক রহমানের ময়মনসিংহ ও গাজীপুর সফরের বিষয়টি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারকে অবহিত করা হয়েছে। পাশাপাশি জনসভা আয়োজনের অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
দলীয় সূত্র অনুযায়ী, আজকের সফরে তারেক রহমান শুধু ময়মনসিংহেই নয়, আরও দুই জেলায় জনসমাবেশে অংশ নেবেন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভা শেষে তিনি গাজীপুর রাজবাড়ী মাঠে এবং পরে ঢাকার উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন। সব কর্মসূচি শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সবগুলো সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলীয়ভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
তারেক রহমানের এই সফর ও জনসভাগুলো আসন্ন নির্বাচনে বিএনপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক