পটুয়াখালীর বাউফলে এক কলস দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা মো. জালাল হাওলাদার। তিনি আগে বাউফল উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারফ হোসেন লিটন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে বাউফল উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পটুয়াখালী-২ আসনে দশ দলীয় ঐক্য জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন মো. জালাল হাওলাদার।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. জালাল হাওলাদার বলেন, দলের ভেতরে দীর্ঘদিন ধরে অবহেলা ও মানসিক কষ্টের শিকার হয়ে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, “বিগত ১৭ বছর দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। আশা করেছিলাম, এখন একজন অভিভাবক পাব, যার নেতৃত্বে রাজনীতি করব। কিন্তু যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সেই ধরনের অভিভাবক নন।”
তিনি অভিযোগ করেন, ওই প্রার্থী আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত রয়েছেন এবং দীর্ঘদিনের নেতাকর্মীদের খোঁজখবর নেন না। বরং যাঁরা বিগত ১৭ বছর ধরে হামলা-মামলা ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের সঙ্গেই চলাফেরা করছেন বলে দাবি করেন তিনি। এসব কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে দলটির পক্ষে কাজ করার ঘোষণা দেন।
এই যোগদান অনুষ্ঠানে আরও অংশ নেন বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফসহ প্রায় তিন শতাধিক বিএনপির নেতা-কর্মী ও সমর্থক।
অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের দশ দলীয় জোটের প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি নবাগতদের হাতে উপহার হিসেবে জমজম কূপের পানি ও সৌদি আরবের খেজুর তুলে দেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন, “কেউ যদি দলীয় পদ-পদবীতে থেকে শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এই ঘটনায় বাউফলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কসমিক ডেস্ক