সাইবার হামলার প্রতিবাদে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাইবার হামলার প্রতিবাদে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
সাইবার হামলার প্রতিবাদে বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট একটি সরকারি ই-মেইল ব্যবহার করে হ্যাক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বঙ্গভবনে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতের একটি প্রতিনিধি দল।

জামায়াতের দাবি, বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে পরিকল্পিতভাবে ফিশিং মেইল পাঠিয়ে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। হ্যাকিংয়ের পর ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে একটি নারীবিদ্বেষমূলক পোস্ট করা হয়, যা জামায়াতের ভাষায় দলটির আমিরের রাজনৈতিক অবস্থান, আদর্শ ও ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

জামায়াত জানায়, এই সাইবার হামলার প্রতিবাদ এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাবে। সেখানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানাবে এবং বিষয়টি নিয়ে আলোচনা করবে।

এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি একটি সুপরিকল্পিত সাইবার হামলা। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সরকারি ই-মেইল ব্যবস্থার অপব্যবহারের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর বিষয়।

এর আগে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান। তিনি জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ ই-মেইল বার্তা বঙ্গভবনের একটি ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে বলে তারা তথ্যপ্রমাণ পেয়েছেন।

মাহমুদুর রহমান বলেন, assistantprogrammer@bangabhaban.gov.bd নামের একটি অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করে ‘Case-Study-Election.accdr’ শিরোনামের একটি ফাইল পাঠানো হয়। ই-মেইলটির বিষয় হিসেবে ‘আর্জেন্ট’ লেখা ছিল এবং এতে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে সিসিতে রাখা হয়। ওই ফাইলটি খোলার পরই হ্যাকিংয়ের প্রক্রিয়া শুরু হয় বলে দাবি করেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, ডা. শফিকুর রহমানের মেইলে পাঠানো ওই ফিশিং ফাইলে ক্লিক করার পর তার এক্স অ্যাকাউন্ট হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। পরে সেখান থেকে বিতর্কিত ও আপত্তিকর পোস্ট করা হয়, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার মাধ্যমে সাইবার নিরাপত্তা ও সরকারি ই-মেইল ব্যবস্থার অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। জামায়াত এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনের আগে ১৭ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনের আগে ১৭ জেলায় সফরে যাচ্ছেন তারেক রহমান