ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ইংরেজি বিভাগে ভর্তি হয়েছিলেন।
গতকাল শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজার পাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, ওই মানসিক চাপ ও যন্ত্রণার কারণেই তার মৃত্যু হতে পারে। তবে তারা মৃত্যুর বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাননি।
অনন্যর বাবা জানান, তার ছেলে অত্যন্ত মেধাবী হলেও বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।