ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন ছবির ক্যাপশন:
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৭১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণকে সামনে রেখে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

চট্টগ্রাম জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি ও জাতীয় পার্টিসহ মোট ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রতিযোগিতা ঘিরে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিজিবির রিজিয়ন সদর দপ্তর চট্টগ্রামের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মো. মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনকালীন সময়ে জনসাধারণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যদের নিয়মিত টহল কার্যক্রম শুরু হয়েছে।

লে. কর্নেল মাহামুদুল হাসান আরও বলেন, বিজিবির এই টহল কার্যক্রম স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও (সিএমপি) ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, ভোটের আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা বডি অন ক্যামেরা ব্যবহার করছেন। এতে দায়িত্ব পালনের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রগুলোতে পরিস্থিতি অনুযায়ী নিরস্ত্র ও সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ভোটগ্রহণ চলাকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করাই এই মোতায়েনের মূল উদ্দেশ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব সংস্থার মধ্যে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
‘না’ ভোট মানে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান : মামুনুল হক

‘না’ ভোট মানে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান : মামুনুল হক