নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কর্মসূচিতে নামের অবস্থান আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি দলীয় কর্মসূচির প্রস্তুতি চলাকালে ব্যানার ও তালিকায় কার নাম আগে থাকবে—এ বিষয়কে কেন্দ্র করে একই দলের দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে আজাহার নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একই দলের এক যুবদলকর্মীর ঘুষিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
নিহত আজাহার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।
এ ঘটনায় আহত অপর তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দলীয় নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করা হয়েছে।
কসমিক ডেস্ক