আফ্রিকায় ইলেকট্রিক যানবাহনের (ইভি) বাজার দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্ডর ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আফ্রিকার ইভি বাজারের আকার ৪২০ কোটি ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমান বাজারের তুলনায় দ্বিগুণেরও বেশি। যদিও এখনো আফ্রিকার বেশির ভাগ ইভি বিদ্যুৎনির্ভর, তবে বিকল্প জ্বালানির ব্যবহার নিয়ে নতুন উদ্যোগ নিচ্ছে কিছু প্রতিষ্ঠান।
এই প্রেক্ষাপটে তিউনিসিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বাকো মোটরস সূর্যের আলোকে কাজে লাগিয়ে ইভি শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছে। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত গাড়ি ও কার্গো ভ্যানের ছাদে সোলার প্যানেল সংযুক্ত করেছে, যার মাধ্যমে গাড়ির ব্যাটারি সরাসরি চার্জ দেওয়া সম্ভব।
যদিও এসব গাড়িতে এখনো লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, তবে সোলার প্যানেলের কারণে বাড়িতে বা ভ্রমণের সময়ও চার্জ দেওয়ার সুবিধা মিলছে। এতে বিনা মূল্যের জ্বালানির ব্যবহার বাড়ছে এবং বিদ্যুৎনির্ভরতার ওপর চাপ কমছে।
এ পর্যন্ত বাকো মোটরস প্রায় ১০০টি সোলার ইভি তৈরি করেছে। আগামী বছর উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বুবাকার সিয়ালা বলেন, সৌরশক্তি বর্তমানে তাদের যানবাহনের মোট জ্বালানি চাহিদার ৫০ শতাংশের বেশি পূরণ করছে।
তিনি বি-ভ্যান মডেলের উদাহরণ দিয়ে বলেন, এই বাণিজ্যিক গাড়িটি প্রতিদিন প্রায় ৫০ কিলোমিটার পথ বিনা মূল্যের সৌরজ্বালানিতে চলতে পারে। এতে বছরে প্রায় ১৭ হাজার কিলোমিটার পর্যন্ত বিনা খরচে যাতায়াত সম্ভব হচ্ছে, যা ব্যবসায়িক কাজে বড় সুবিধা দিচ্ছে।
২০২১ সালে প্রতিষ্ঠিত বাকো মোটরস শুরুতে তিন চাকার পণ্যবাহী যানবাহন তৈরি করলেও বর্তমানে চার চাকার গাড়ি উৎপাদনে মনোযোগ দিচ্ছে। তাদের তৈরি বি-ভ্যান ৪০০ কেজি পর্যন্ত পণ্য পরিবহন করতে পারে এবং একবার চার্জে ১০০ থেকে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। গাড়িটির দাম শুরু হচ্ছে ২৪ হাজার ৯৯০ তিউনিসিয়ান দিনার (প্রায় ৮ হাজার ৫০০ ডলার) থেকে।
এ ছাড়া ‘বি’ নামের ছোট দুই আসনের একটি গাড়িও তৈরি করছে প্রতিষ্ঠানটি, যা শহরের দৈনন্দিন চলাচলের জন্য উপযোগী। এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার এবং একবার চার্জে ৭০ থেকে ১২০ কিলোমিটার চলতে পারে। এর দাম শুরু ১৮ হাজার ২৬৪ তিউনিসিয়ান দিনার (প্রায় ৬ হাজার ২০০ ডলার) থেকে।
বাকো মোটরসের সিওও খালেদ হাবাইব জানান, গাড়ির ৪০ শতাংশের বেশি যন্ত্রাংশ স্থানীয়ভাবে সংগ্রহ করা হচ্ছে, যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তিউনিসিয়ায় আরও বড় একটি কারখানা নির্মাণ করছে, যেখানে বছরে সর্বোচ্চ ৮ হাজার যানবাহন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সৌরশক্তির ব্যবহার ইভি চালানোর ক্ষেত্রে দূরত্ব নিয়ে উদ্বেগ কমাতে পারে। আফ্রিকার মতো মহাদেশে স্থানীয় অবকাঠামোর সঙ্গে মানানসই, সাশ্রয়ী ইভি উৎপাদনে বাকো মোটরস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কসমিক ডেস্ক