তীব্র শীতের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে সাময়িকভাবে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ট্রাম্প বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছেন যেন তীব্র শীতের এই সময়ে অন্তত এক সপ্তাহের জন্য কিয়েভ এবং ইউক্রেনের অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়। ট্রাম্পের ভাষায়, তার এই ব্যক্তিগত অনুরোধে সাড়া দিয়ে রুশ প্রেসিডেন্ট হামলা বন্ধ রাখতে রাজি হয়েছেন।
বর্তমানে প্রচণ্ড শীতের মধ্যে ইউক্রেনের লাখ লাখ মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এর মধ্যেই রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিদ্যুৎ, তাপ ও পানি সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটি নতুন করে মানবিক সংকটের মুখে পড়েছে।
এ অবস্থায় নতুন হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। ট্রাম্পের ঘোষণাকে সেই প্রেক্ষাপটে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। যুদ্ধবিরতি বা হামলা স্থগিতের বিষয়ে মস্কো সরাসরি কিছু নিশ্চিত করেনি।
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, হামলা বন্ধের বিষয়টি বাস্তবায়নে তিনি ওয়াশিংটনের ওপর আস্থা রাখছেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ইউক্রেনে চলমান মানবিক সংকট কিছুটা হলেও লাঘব করবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শীতকালীন পরিস্থিতি উভয় দেশের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে তুলনামূলকভাবে ইউক্রেনের অবকাঠামো ও সাধারণ মানুষ বেশি ক্ষতির মুখে পড়ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অভিমত।
কসমিক ডেস্ক