নরসিংদীতে ডোবায় পাওয়া গেল সাবেক ছাত্রলীগ নেতার লাশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নরসিংদীতে ডোবায় পাওয়া গেল সাবেক ছাত্রলীগ নেতার লাশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
নরসিংদীতে ডোবায় পাওয়া গেল সাবেক ছাত্রলীগ নেতার লাশ ছবির ক্যাপশন:
ad728

নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি ডোবা থেকে সাবেক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা উপজেলার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তি হলেন আজীমূল কাদের ভূঁইয়া (৪৫)। তিনি ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। আজীমূল কাদের ভূঁইয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাজনাবো ইউনিয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পেশাগতভাবে তিনি একজন পোলট্রি খামারি ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরদিন বুধবার (২৮ জানুয়ারি) বেলাব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহতের ভাগনে মো. উমর ফারুক জিডিটি দায়ের করেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজীমূল কাদের ভূঁইয়া তার পোলট্রি খামারে কাজ করার জন্য দুজন শ্রমিক নিয়োগ দেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। পরিবারের সদস্য কিংবা স্থানীয় কেউই ওই দুই শ্রমিকের স্থায়ী ঠিকানা সম্পর্কে কিছু জানাতে পারেননি।

নিখোঁজের পর থেকেই ওই দুই শ্রমিকও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে নিহতের খামারে থাকা সব মুরগি উধাও হয়ে গেছে। এসব বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন এলাকাবাসী।

এ বিষয়ে বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন বলেন, “নিখোঁজের ঘটনায় জিডি দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। আজ খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া সফরে পথসভা ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান

বগুড়া সফরে পথসভা ও জনসভা করবেন ডা. শফিকুর রহমান