ময়মনসিংহে আদালতে হুমকির চিরকুট, আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজীবীরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ময়মনসিংহে আদালতে হুমকির চিরকুট, আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজীবীরা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
ময়মনসিংহে আদালতে হুমকির চিরকুট, আতঙ্কে বিচারপ্রার্থী ও আইনজীবীরা ছবির ক্যাপশন:
ad728

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালত প্রাঙ্গণে বোমা হামলার হুমকি দিয়ে লেখা দুটি চিরকুট উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের বিচারকের কক্ষে প্রবেশপথের দেয়ালে সাঁটানো অবস্থায় একটি চিরকুট পাওয়া যায়। একই ধরনের আরেকটি চিরকুট উদ্ধার করা হয়েছে আদালতের এক আইনজীবীর কক্ষ থেকে।

চিরকুটে লেখা ছিল, “আদালত এখন বন্ধ হবে, আবার জানুয়ারিতে খুলা হবে। আর যদি খুলা হয় তাহলে বম মারা হবে।” বানানগত ভুলসহ এই হুমকিমূলক বার্তা নজরে আসার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের নাজির রবিউল ইসলাম মঙ্গলবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি ঈশ্বরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও সন্ধ্যায় আরেকটি জিডি করা হয়।

ঈশ্বরগঞ্জ পৌরসভার থানা রোডের দত্তপাড়া এলাকায় ১৯৮০ সালে ঈশ্বরগঞ্জ চৌকি আদালত প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে উন্নীত করা হয়। এই আদালত থেকে ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরীপুর উপজেলার বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

একাধিক বিচারপ্রার্থী জানান, আদালত প্রাঙ্গণে সিসি ক্যামেরা না থাকায় তাঁরা হতাশ ও উদ্বিগ্ন। তাঁদের মতে, সিসি ক্যামেরা থাকলে চিরকুট সাঁটানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা সম্ভব হতো। একই ধরনের দুটি চিরকুট পাওয়া যাওয়ায় ঘটনাটি আরও রহস্যজনক বলে মনে করছেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতের সরকারি কৌঁসুলি এ এস এম সারোয়ার জাহান বলেন, আদালত প্রাঙ্গণে হুমকিসূচক চিরকুট পাওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এতে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, আদালত প্রাঙ্গণ ও এক আইনজীবীর কক্ষ থেকে পাওয়া হুমকির চিরকুটের ঘটনায় পৃথক দুটি জিডি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তিনি নিজে আদালত এলাকা পরিদর্শন করেছেন।

ওসি জানান, চিরকুটগুলোর হাতের লেখা আনকোরা বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা কী উদ্দেশ্যে এই চিরকুট সাঁটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণকে পুলিশি টহল এবং গোয়েন্দা সংস্থার নজরদারির আওতায় আনা হয়েছে। জিডির তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপি চেয়ারম্যান

নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপি চেয়ারম্যান