রাজনৈতিক সহিংসতার হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজনৈতিক সহিংসতার হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 27, 2026 ইং
রাজনৈতিক সহিংসতার হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ছবির ক্যাপশন:
ad728

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল একদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে মায়েদের ওপর নির্যাতন চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, পুরোনো ফ্যাসিবাদের চর্চা আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনাদের কালো হাত আর তুলবেন না। পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইলে আমরাও ছেড়ে দেব না—কড়ায়-গণ্ডায় বুঝে নেব।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউসে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট দেশ পরিচালনার দায়িত্ব পেলে কোনো শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। বরং বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করার পাশাপাশি নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। তিনি বলেন, জনগণ যদি দায়িত্ব দেয়, তবে জনগণের সঙ্গে বসে ডায়ালগের মাধ্যমে এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ বের করা হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণের সামনে দুটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে—একটি গণভোট এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আগে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন, পরে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিন।” তার ভাষায়, ‘হ্যাঁ’ মানে আজাদী, আর ‘না’ মানে গোলামী।

আওয়ামী শাসনামলের নির্যাতনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, সে সময় জীবনের ঝুঁকি নিয়েও সাধারণ মানুষ জামায়াত নেতাকর্মীদের নিরাপত্তা দিয়েছে। মা-বোনেরা খাবারের ব্যবস্থা করেছে। তিনি বলেন, “আমরা আপনাদের কাছে ঋণী। সরকারে গিয়ে সেই ঋণ শোধ করতে চাই। মা, মাটি ও মানুষ আমাদের হাতে নিরাপদ থাকবে।”

একটি রাজনৈতিক দলের দমন-পীড়নের সমালোচনা করে তিনি বলেন, “ঘাড়ে হাত, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ে স্থান পাবেন না।” চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা তুলে ধরে তিনি দাবি করেন, সে সময় জামায়াত অন্য ধর্মাবলম্বীদের সম্পদ ও সম্মান রক্ষায় ভূমিকা রেখেছে, যা অন্য দলগুলো পারেনি।

তিনি বলেন, অন্য সব দলকে ইতোমধ্যে জনগণ পরীক্ষা করেছে। এবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটকে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভোটারদের জোট প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

খুলনা মহানগর জামায়াতের অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, খুলনা বিভাগীয় শহর ও শিল্পনগরী হলেও এখনো পাইপলাইনে গ্যাস সরবরাহ নেই। বহু শিল্পকারখানা বন্ধ হয়ে শ্রমিকরা বেকার হয়েছেন। আধুনিক বিমানবন্দর ও সুন্দরবনকেন্দ্রিক পরিকল্পিত পর্যটন উন্নয়নও গড়ে ওঠেনি বলে তিনি অভিযোগ করেন।

এ সময় জামায়াত ও জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতা আনোয়ার উল্লাহকে হত্যা

রাজধানীতে বাসায় ঢুকে জামায়াত নেতা আনোয়ার উল্লাহকে হত্যা