বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সুবিধাজনক অবস্থানে জামায়াত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সুবিধাজনক অবস্থানে জামায়াত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 ইং
বাগেরহাটে বিদ্রোহী প্রার্থীর চাপে বিএনপি, সুবিধাজনক অবস্থানে জামায়াত ছবির ক্যাপশন:
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার রাজনীতিতে উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ছে। জেলার চারটি সংসদীয় আসনেই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় বিএনপির প্রার্থীরা পড়েছেন বাড়তি চাপে। দলীয় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কায় সুবিধাজনক অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।

নির্বাচনী মাঠের তথ্য অনুযায়ী, এবারে বাগেরহাট জেলার চারটি আসনে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৮ জন দলীয় প্রার্থী এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী। এই তিন স্বতন্ত্র প্রার্থীর সবাই বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যা দলটির জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। তিনি একযোগে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩—এই তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই সিদ্ধান্ত বিএনপির ভোটের সমীকরণকে জটিল করে তুলেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

অন্য দুই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হলেন—বাগেরহাট-১ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা এবং বাগেরহাট-৪ আসনে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন।

কেন্দ্রীয় বিএনপি ইতিমধ্যে শেখ মাসুদ রানা ও কাজী খাইরুজ্জামান শিপনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করলেও তারা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। নিয়মিত গণসংযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন তারা।

বাগেরহাট-১ আসনে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। এই আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন এম এ এইচ সেলিম ও প্রকৌশলী শেখ মাসুদ রানা। ফলে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. মশিউর রহমান খানের সঙ্গে এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে।

বাগেরহাট-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। এই আসনেও তাকে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হচ্ছে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম এবং জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাতের সঙ্গে।

বাগেরহাট-৩ আসনে বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে এই আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এম এ এইচ সেলিম। এতে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখের জন্য সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

বাগেরহাট-৪ আসনে বিএনপির প্রার্থী সোমনাথ দে। এখানে দলীয় বিদ্রোহী প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের পাশাপাশি জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীমের সঙ্গে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছে বিএনপিকে।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব মোজাফ্ফর রহমান আলম জানান, বিদ্রোহী প্রার্থীদের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে। তার অভিযোগ, বিএনপির প্রার্থীদের পরাজিত করতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই দলের কিছু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

তিনি আরও বলেন, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলীয় প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলেও তিনি জানান।

বিদ্রোহী প্রার্থী ও দলীয় কোন্দলের এই পরিস্থিতিতে বাগেরহাটের চারটি আসনেই শেষ পর্যন্ত ভোটের ফল কোন দিকে মোড় নেয়—সেদিকেই এখন তাকিয়ে আছেন সাধারণ ভোটাররা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত জামায়াত নেতা রেজাউল করিম

ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত জামায়াত নেতা রেজাউল করিম