জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই কলেজের একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্যেই তার ওপর হামলা চালানো হয়।
ছাত্রশক্তির নেতা সামি আব্দুল্লাহ বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে হামলার ঘটনা ঘটে। তবে কীভাবে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে শনিবার (২৪ জানুয়ারি) ফজরের নামাজের পর টানা গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে সময় তার পূর্বনির্ধারিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ বিষয়ে এনসিপির মিডিয়া টিমের সদস্য শামিল আব্দুল্লাহ জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ কার্যক্রম শেষ করার পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তিনি সুস্থ বোধ করলে পুনরায় কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে শনিবার সকালে শান্তিনগর বাজারে এক গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারা ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্য ও শান্তির সঙ্গে তাদের মোকাবিলা করব।”
শনিবারের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তার পলওয়েল মার্কেট, পিডব্লিউ কলোনি ও নয়াপল্টনে গণসংযোগ, বিভিন্ন স্থানে নামাজ আদায় এবং পথসভায় অংশ নেওয়ার কথা ছিল।
হামলার ঘটনার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কসমিক ডেস্ক