শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি ছবির ক্যাপশন:

হযরত শাহজালাল (রহ.) মাজারের আয়-ব্যয় ও দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নবগঠিত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, সিলেট রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, মাজারের মোতাওয়াল্লি পরিবারের দুই সদস্য এবং মাজার মাদরাসা ও মসজিদের দুই প্রতিনিধি। জেলা প্রশাসক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী এক মাসের মধ্যে মাজারের দানের অর্থ ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের জন্য একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য কাঠামো প্রস্তাব করবে কমিটি।

বাণিজ্যমন্ত্রী বলেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি জানান, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য হয়েছে এবং মাজার কর্তৃপক্ষও এতে সম্মতি জানিয়েছে।

তিনি আরও বলেন, আপাতত বিদ্যমান নিয়ম অনুসারেই দানের অর্থ গণনা করা হবে এবং সেই অর্থ মাজারের বিদ্যমান ব্যাংক হিসাবেই জমা রাখা হবে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

জেলা প্রশাসনের পূর্ববর্তী উদ্যোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীতের বিষয় নিয়ে আলোচনা না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায় সরকার। তার ভাষ্য অনুযায়ী, এমন একটি পদ্ধতি অনুসরণ করা হবে যাতে কাজের স্বচ্ছতা যেমন নিশ্চিত হয়, তেমনি সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণও বজায় থাকে এবং কোনো ধরনের বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয়।

উল্লেখ্য, গত ১৮ জুন জেলা প্রশাসন মাজারের দানের তিনটি পিতলের ডেগ সিলগালা করে এবং নতুন চারটি দানবাক্স স্থাপন করে। এই পদক্ষেপকে কেন্দ্র করে মাজারসংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর প্রশাসনের উপস্থিতিতে মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেগে থাকা অর্থ গণনা করে জানানো হয়, চার দিনে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা সোনা এবং ১০ সৌদি রিয়াল পাওয়া গেছে। পরে পুরো অর্থ মাজারের নামে খোলা সোনালী ব্যাংকের হিসাবে জমা দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ৫ লাখ টাকাও ওই হিসাবে জমা করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, রপ্তানির লক্ষ্য

কোরবানির পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, রপ্তানির লক্ষ্য