ঢাকা-১৮ সংসদীয় আসনের খিলক্ষেত এলাকায় প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী মাঠে এ ধরনের হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
সোমবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনাটি দলটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সোমবার সকালে আরিফুল ইসলাম আদিব নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করে এবং নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন করে।
জামায়াতের এই নেতা আরও বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচনী সহিংসতা রোধে কোনো ধরনের শৈথিল্য দেখানো হলে তা দেশবাসী মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
দলটি আশা প্রকাশ করে বলেছে, প্রশাসন ও নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচনী মাঠে সহনশীলতা ও শৃঙ্খলা বজায় রাখবে এবং যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
কসমিক ডেস্ক