বাবার দেওয়া সম্পদের জন্য মামলায় জড়ালাম কেন : সিয়াম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাবার দেওয়া সম্পদের জন্য মামলায় জড়ালাম কেন : সিয়াম

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
বাবার দেওয়া সম্পদের জন্য মামলায় জড়ালাম কেন : সিয়াম ছবির ক্যাপশন:
ad728

প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম দুদকের মামলায় রিমান্ডে নেওয়ার সময় আদালত প্রাঙ্গণে নিজের অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেন, তার নামে থাকা ৩৫ লাখ টাকার সম্পদ বাবার কাছ থেকেই পাওয়া, এতে তার কোনো অবৈধ উপার্জনের সংশ্লিষ্টতা নেই।

সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুদকের মামলায় সিয়ামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেল ৩টা ৪৩ মিনিটে আদালতের হাজতখানা থেকে বের করে তাকে প্রিজনভ্যানে তোলা হয়। এ সময় প্রিজনভ্যানের জানালার ফাঁক দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সিয়াম বলেন, “৩৫ লাখ টাকার সম্পত্তি বাপ আমারে দিছে। একটা গাড়ি, একটা জায়গা। ৮ লাখ টাকার জায়গা, ২৫ লাখ টাকার গাড়ি। আমি কি কামাইছি? বাপে আমারে দিছে। এটার জন্য আমি কীভাবে দুদকের মামলার অন্তর্ভুক্ত হলাম?”

তিনি আরও বলেন, “আমার বাবার রিমান্ড চলতেছে। দেখা করতে গেছিলাম। আমাকে ধরে নিয়ে আসছে।” এ সময় তার বাবার বিষয়ে জানতে চাইলে সিয়াম বলেন, দুদক চার্জশিট দিলে বিচার হোক। তার বাবা যদি কোনো অন্যায় করে থাকেন, তার বিচার হওয়ায় তার কোনো আপত্তি নেই।

সিয়াম বলেন, “সে (বাবা) আমাকে জায়গা দিছে। এটার জন্য আমি জেল খাটব কেন? ৩৫ লাখ টাকার সম্পত্তি কার নাই?” তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, বাবার দেওয়া সম্পদের জন্য তাকে মামলায় জড়ানো অযৌক্তিক।

পরে সিয়াম তার আইনজীবীদের বলেন, রিমান্ড নেওয়া হলে তাতে তার কোনো আপত্তি নেই। তিনি বলেন, “রিমান্ড নিক, সমস্যা নেই। আমি তো কোনো অন্যায় করিনি।”

এদিন দুদকের সহকারী পরিচালক আল আমিন তদন্ত কর্মকর্তা হিসেবে সিয়ামকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় সিয়ামের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অপরদিকে দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৫ জানুয়ারি দুদক আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সিয়ামের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে। মামলার এজাহার অনুযায়ী, আবেদ আলীর ১২টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আবেদ আলীর স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে প্রায় ১ কোটি ২৬ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসাবে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অপরদিকে সিয়ামের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লালমনিরহাট সীমান্তে বিজিবি'র নতুন বিওপি'র যাত্রা শুরু

লালমনিরহাট সীমান্তে বিজিবি'র নতুন বিওপি'র যাত্রা শুরু