শিল্পাঞ্চল আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে আশুলিয়ার নয়ারহাট, টংগাবাড়ী ও জামগড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৫ হাজার ৪০০ টাকা।
গ্রেপ্তাররা হলেন—আশুলিয়ার চাকলগ্রাম এলাকার মো. শুকুর আলীর ছেলে মো. আব্দুল আজিজ (৪৫), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুরসি এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে মো. তালেব ইসলাম শুভ (২৮), শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ছুড়িহারা এলাকার আবুল হোসেনের ছেলে মো. হজরত আলী (৩৫), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া এলাকার মো. মাসুদ রানার ছেলে পারভেজ হোসেন (২৬) এবং কুড়িগ্রাম সদর উপজেলার জুনকার চর এলাকার মো. গুলজার হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩২)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজের চায়ের দোকানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ী এলাকায় নাভানা সিএনজি পাম্পের সামনে থেকে ৫৩ পিস ইয়াবাসহ হজরত আলী, পারভেজ হোসেন ও আবুল কালাম আজাদকে আটক করা হয়।
এ ছাড়া জামগড়া এলাকায় ইস্টার্ন হাউজিংয়ের ছয়তলা এলাকার একটি গোডাউনের সামনে অভিযান চালিয়ে ১৩০ গ্রাম গাঁজাসহ তালেব ইসলাম শুভকে আটক করা হয়।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে থানার নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। শিল্পাঞ্চল আশুলিয়াকে মাদকমুক্ত রাখতে অভিযান আরো জোরদার করা হবে বলেও জানান তিনি।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কসমিক ডেস্ক