চীনের দালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) সম্মেলনের ফাঁকে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় রাতে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই ভোজের আয়োজন করেন।
নৈশভোজে তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। একই ভোজে অংশ নেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টেনেগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভসহ অন্যান্য শীর্ষ নেতা।
আয়োজকদের মতে, এই ধরনের রাষ্ট্রীয় ভোজ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং অনানুষ্ঠানিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। উপদেষ্টা মাহ্দী আমিন জানিয়েছেন, ভোজে অংশ নেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের নেতাদের মধ্যে উন্মুক্ত আলাপচারিতার সুযোগ তৈরি হয়।
তিনি আরও জানান, মালয়েশিয়া সফর শেষে সোমবার রাতে তারেক রহমান চীনের দালিয়ানে পৌঁছান এবং বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। বুধবার তিনি WEF সম্মেলনে অংশ নেওয়ার পর বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।
বিশ্লেষকদের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক ও ভোজ আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কসমিক ডেস্ক