তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ছবির ক্যাপশন:

ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার (৫ আগস্ট) সকালে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটারের চেয়ে ১৩ সেন্টিমিটার বেশি। এ পরিস্থিতিতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ভারতের উজান এলাকায় কয়েক দিন ধরে চলমান ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে এসেছে। এর সঙ্গে গত দুই দিনের অতি ভারী বৃষ্টিপাত যোগ হওয়ায় তিস্তা নদীতে পানির প্রবাহ দ্রুত বেড়েছে। এর প্রভাব বাংলাদেশ অংশের ডালিয়া পয়েন্টেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

এর আগে গত মাসের শেষ দিকে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হয়েছিল। যদিও একদিন পর পরিস্থিতির উন্নতি হয়, তবে মঙ্গলবার ভোর থেকে নদীর পানি আবার বাড়তে শুরু করে এবং বুধবার সকালে তা বিপৎসীমা অতিক্রম করে। ফলে চলতি মৌসুমে তিস্তা তীরবর্তী এলাকার মানুষ পঞ্চমবারের মতো বন্যার ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টিপাত এবং উজানের পানির প্রবাহ অব্যাহত থাকায় নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে বুধবার সকাল থেকে তিস্তা নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে দুই পুলিশসহ ৫০ আহত

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে দুই পুলিশসহ ৫০ আহত