রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম প্রায় নয় মাস আগে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। তিনি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাদেকের ছেলে।
নিহতের চাচা মো. সোহাগ জানান, পারিবারিক সমস্যার কারণে সাইদুল কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজের কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক