খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে একটি টিকটিকি দেখতে পাওয়ার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে নিজ কক্ষে খেতে বসে তিনি পটোল, আলু ও ডিমের সবজির মধ্যে একটি টিকটিকি দেখতে পান। তার ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও বহিরাগতরাও খাবার গ্রহণ করেন। তাই এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি ফুড পয়জনিংসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান বলেন, এ ধরনের ঘটনা ক্যাফেটেরিয়া পরিচালনায় অব্যবস্থাপনা ও অসচেতনতার স্পষ্ট প্রমাণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। একই ডিসিপ্লিনের শিক্ষার্থী তানভির বিন মুহিতও বলেন, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।
এদিকে অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, তারা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন। তার দাবি, ‘রান্নার সময় যদি টিকটিকি পড়ে থাকত, তাহলে তা গলে যাওয়ার কথা ছিল। এটি কীভাবে ঘটেছে, তা বুঝতে পারছি না।’ তার এই মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন জানিয়েছেন, ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক