পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপকূলীয় নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল ও সাঁড়াশি অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এই অভিযান রবিবার (১৫ মার্চ) থেকে শুরু হয়েছে এবং আগামী ২৬ মার্চ পর্যন্ত চলবে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার শওকাত আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌযাত্রা নির্বিঘ্ন রাখতে কোস্ট গার্ড নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।
তিনি জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপকূলীয় নৌপথে যাত্রী চলাচল বৃদ্ধি পাবে।
এ কারণে নিরাপত্তা জোরদার করতে কোস্ট গার্ড দক্ষিণ জোন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে ভোলার ইলিশা, খেয়াঘাট, ভেদুরিয়া, নাজিরপুর ও চৌমূহনীসহ গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
এছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট ও আলেকজান্ডার, বরিশালের ডিসি ঘাট, উলানিয়া ও পুরাতন হিজলা, পটুয়াখালীর আলীপুর, পটুয়াখালী, কালাপাড়া ও বাউশিয়া এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া নোয়াখালীর তমুরুদ্দিন ও রাম নেওয়াজ, বরগুনা জেলার কাঠছিড়া এবং পাথরঘাটার গুরুত্বপূর্ণ লঞ্চ, খেয়া ও ফেরিঘাটগুলোতেও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
এই অভিযানের আওতায় কোস্ট গার্ড সদস্যরা বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
এর মধ্যে রয়েছে জনসচেতনতামূলক মাইকিং, যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি শনাক্তকরণ এবং বিভিন্ন নৌযানে তল্লাশি কার্যক্রম।
এছাড়া যাত্রীদের ব্যাগ স্ক্যানিংসহ অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দিন-রাত ২৪ ঘণ্টা টহল অব্যাহত থাকবে।
ঈদ উপলক্ষে যাত্রীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা কার্যক্রমও আরও জোরদার করা হবে।
এছাড়া ঈদুল ফিতরের পরেও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে এই টহল ও অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের এই উদ্যোগে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সম্ভাব্য অপরাধ বা দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক