জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে দেওয়া বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তাহরিকে খতমে নবুওয়্যাত বাংলাদেশের আমির ড. মুফতি সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি দাবি করেছেন, তার বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার করা হয়েছে, ফলে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে।
রোববার (২ আগস্ট) এক ফোনালাপে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপিকে নিয়ে তার মন্তব্যকে কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের ‘বটবাহিনী’ অপপ্রচার চালাচ্ছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষ নেন না। তার ভাষ্য, দ্বীন, উম্মাহ, দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষাই তার সব বক্তব্যের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে এনসিপির অবদান রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর দলটির বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা করে আসছেন তিনি। একইভাবে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড নিয়েও তিনি অতীতে সমালোচনা করেছেন বলে দাবি করেন।
এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষ্য, এনসিপির কিছু রাজনৈতিক অবস্থান, বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং অন্তর্বর্তী সরকারের কিছু বিষয়ে নীরবতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিএনপির কয়েকজন নেতা তার সমালোচনার পর নিজেদের বক্তব্য প্রত্যাহার বা সংশোধন করেছেন। অন্যদিকে, জামায়াতের কিছু নেতার বক্তব্য নিয়েও তিনি আপত্তি তুলেছেন।
ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে তিনি বলেন, পুরো বক্তব্য না শুনে কেবল একটি অংশ প্রচার করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তিনি সমালোচকদের সম্পূর্ণ বক্তব্য শোনার আহ্বান জানান।
এদিকে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের স্বচ্ছতা থাকা প্রয়োজন এবং জনগণকে সচেতন থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক ভূরাজনীতি ও বিদেশি শক্তির সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কসমিক ডেস্ক