ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে খেলাধুলাকে দলীয়করণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, খেলাধুলা মানুষের আনন্দ ও সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হলেও অতীতে এ খাতেও রাজনৈতিক প্রভাব বিস্তার করা হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, খেলাধুলা একটি ইতিবাচক চর্চা, যা শৈশব থেকেই মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পূর্ববর্তী সরকার ক্রীড়াঙ্গনেও দলীয় প্রভাব বিস্তার করেছিল, যা দেশের ক্রীড়া উন্নয়নের জন্য ইতিবাচক ছিল না। তিনি দাবি করেন, বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করছে।
তিনি জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এই সাফল্য শুধু কুমিল্লার নয়, পুরো দেশের জন্য গর্বের। তিনি আশা প্রকাশ করেন, দলের অনেক খেলোয়াড় ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের সুনাম বয়ে আনবেন।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মো. কবির খান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদুসহ ক্রীড়া, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা কুমিল্লার ক্রীড়াঙ্গনের উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ এবং তরুণ খেলোয়াড়দের আরও বেশি সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতেও কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কসমিক ডেস্ক