বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় শহরের ইবি রোডের ভাসানী মিলনায়তনের সবুজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশ পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ আলম। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহসভাপতি কায়সার পারভেজ কাজল, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, সাংগঠনিক সম্পাদক রাশেল আহমেদ এবং পৌর যুবদলের সাধারণ সম্পাদক আলামিন প্রামাণিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ও তার পরিবারের অনশন কর্মসূচির সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। তারা এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশ থেকে অবিলম্বে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে বিএনপি ও এর অঙ্গসংগঠন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
কসমিক ডেস্ক