বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলা এবং জবাবদিহিতার সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মানুষের নিজস্ব ব্যয়ের হার এখনো অনেক বেশি, যা সাধারণ মানুষের জন্য বড় আর্থিক চাপ সৃষ্টি করছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই জনগণকে নিজেদের পকেট থেকে বহন করতে হয়। ফলে অনেক পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে আর্থিক সংকটে পড়ে এবং অসুস্থতা অনেক ক্ষেত্রে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবহেলা ও কার্যকর জবাবদিহিতার অভাব বিদ্যমান। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি অসংক্রামক রোগের (Non-Communicable Diseases) ক্রমবর্ধমান বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষায়, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে, যা মানুষের গড় আয়ু, কর্মক্ষমতা এবং জীবনমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়া জলবায়ু পরিবর্তন এবং দ্রুত নগরায়নের প্রভাবেও জনস্বাস্থ্যের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। পরিবেশগত পরিবর্তন, জীবনযাত্রার ধরন এবং স্বাস্থ্যসেবা গ্রহণের পদ্ধতির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য খাতকে আরও আধুনিক ও কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরুসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগ, নীতিগত সংস্কার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
কসমিক ডেস্ক