ফেনীর সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণ এবং পরে সেটি টিকটকে প্রচারের অভিযোগে মোজাম্মেল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি আমলে নেয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেনীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে আটক করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল এলাকার বাসিন্দা এবং পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুলাই দুপুরে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন যুবক শিশুটির পথরোধ করেন। অভিযোগে বলা হয়, তাদের মধ্যে দুজন শিশুটিকে জোরপূর্বক ধরে উত্ত্যক্ত ও অশালীন আচরণ করেন। এ সময় অপর একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরে টিকটকে প্রকাশ করেন।
পরদিন শিশুটি ঘটনাটি তার বাবাকে জানায়। পরে ৩০ জুলাই পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখতে পান। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে থানায় মামলা করা হয়। মামলায় আরও দুইজনকে আসামি করা হয়েছে। তারা হলেন সালমান (২০) ও মাহফুজ (১৯)।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নুসরাত তাবাসসুম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। আটক ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে ঘটনার পর শিশুটি মানসিকভাবে আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রায়ই কান্নাকাটি করছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক