যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের জনপ্রিয় ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ছোট শিশুও রয়েছে। হামলার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় সিয়াটলের বিখ্যাত স্পেস নিডল টাওয়ারের পাশের সিয়াটল সেন্টারে এ ঘটনা ঘটে। সিয়াটল অগ্নিনির্বাপণ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনায় দুইজন নিহত হওয়ার পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে চলমান খাবার উৎসবের মধ্যে গুলির ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, দমকলকর্মী এবং জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। একই সঙ্গে ঘটনাটির তদন্তও শুরু হয়েছে।
কর্তৃপক্ষ সাময়িকভাবে সিয়াটল সেন্টার ও আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছে।
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে চারজন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একটি ছোট শিশু, ২৩ বছর বয়সী এক তরুণ এবং দুজন প্রাপ্তবয়স্ক নারী রয়েছেন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী এস্তান ওয়াকোনাবো জানান, তিনি ও তার বান্ধবী একটি ফটো বুথের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কেউ তাকে ধাক্কা দিলে তিনি ঘুরে দেখেন চারদিকে মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করছে।
তার ভাষায়, সবাই নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছিল। ভিড়ের চাপে অনেকে মাটিতে পড়ে যাচ্ছিলেন, এমনকি শিশুদের ঠেলাগাড়িও উল্টে যাচ্ছিল। কিছুক্ষণ পর তিনি পরপর গুলির শব্দ শুনতে পান এবং দ্রুত তার বান্ধবীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফিরে এসে তিনি মাটিতে পড়ে থাকা একাধিক আহত ব্যক্তিকে দেখতে পান।
উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরের অন্যতম বৃহৎ খাবার উৎসব। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে যাত্রা শুরু হওয়া এই তিন দিনব্যাপী উৎসবে প্রতিবছর প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেন। উৎসবে বিভিন্ন ধরনের খাবার, পানীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কসমিক ডেস্ক