থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য প্রচারে উদ্বেগ, বেবিচকের ব্যাখ্যা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য প্রচারে উদ্বেগ, বেবিচকের ব্যাখ্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
থার্ড টার্মিনাল নিয়ে ভুল তথ্য প্রচারে উদ্বেগ, বেবিচকের ব্যাখ্যা ছবির ক্যাপশন:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির মতে, এসব তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে।

রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, থার্ড টার্মিনালকে আগামী বছরের পরিবর্তে চলতি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালুর লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে অনুমোদিত নথি, চুক্তির শর্ত এবং প্রকল্প বাস্তবায়নের পদ্ধতি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে প্রকল্পের বাস্তব চিত্রের সঙ্গে প্রকাশিত তথ্যের অসামঞ্জস্য তৈরি হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

বেবিচক জানায়, থার্ড টার্মিনালের মূল অবকাঠামোগত নির্মাণকাজ প্রায় দুই বছর আগেই সম্পন্ন হয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপারেশনাল রেডিনেস, জটিল কারিগরি পরীক্ষা, পরিচালনাগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে অতিরিক্ত সময় প্রয়োজন হয়েছে।

সংস্থাটির ভাষ্য, বর্তমানে প্রকল্পের শেষ ধাপের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই যাত্রীসেবার জন্য টার্মিনালটি উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে।

বেবিচক আরও উল্লেখ করে, দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প সম্পর্কে তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ হলে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে প্রকল্প চালুর কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এর ফলে রাষ্ট্রীয় রাজস্ব এবং দেশের সামগ্রিক বিমান পরিবহন খাতও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে বেবিচক জানায়, থার্ড টার্মিনাল-সংক্রান্ত যেকোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য যাচাই করা উচিত। একই সঙ্গে দেশের প্রধান অ্যাভিয়েশন হাবকে ঘিরে গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে খাওয়ার পর মাথা ধরলে অবহেলা নয়, জেনে নিন করণীয়

দুপুরে খাওয়ার পর মাথা ধরলে অবহেলা নয়, জেনে নিন করণীয়