সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয় : প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ, মানসম্মত ও ভোগান্তিমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারি হাসপাতালে গিয়ে যেন কোনো রোগী হয়রানির শিকার না হন এবং গ্রামের মানুষকে চিকিৎসার জন্য দূরবর্তী এলাকায় যেতে না হয়। সরকারি হাসপাতালই যেন সাধারণ মানুষের আস্থার প্রধান কেন্দ্র হয়ে ওঠে—সেই লক্ষ্যেই কাজ করতে হবে।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অগ্রগতি, সেবার মান, অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম বৈঠক।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, বৈঠকের শুরুতে গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও অর্জনের চিত্র তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতা কাটিয়ে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ধারাবাহিকভাবে কাজ চলছে।

বৈঠকে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক উপস্থিত থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ উঠে আসে। চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং দায়িত্বে গাফিলতি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গ্রামের মানুষের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক এবং সেবার মান নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে বেসরকারি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে না। হাসপাতালগুলোকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে মানুষ সেখানেই আস্থা খুঁজে পায়।

কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে জেলা পর্যায়ে বিদ্যমান ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের উপজেলা পর্যায়েও ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। এ লক্ষ্যে দক্ষ জনবল তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও অবকাঠামো নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার চলমান উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রয়োজনীয় ভবন, অবকাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পোপ লিওকে নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্য, নতুন বিতর্ক

পোপ লিওকে নিয়ে ট্রাম্পের কড়া মন্তব্য, নতুন বিতর্ক