ঝালকাঠি শহরের কবিরাজ বাড়ি এলাকার খামার বাড়ি থেকে মুরসালিনের দোকান হয়ে বড়বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি জমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সড়কের মাঝখানে কচুগাছ লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তারা।
সোমবার বিকেলে প্রায় আধা ঘণ্টাব্যাপী সড়কে অবস্থান নিয়ে স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। তাদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বাসিন্দাদের ভাষ্য, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষসহ হাজারো পথচারী চলাচল করেন। কিন্তু পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের বাড়িঘরেও পানি ঢুকে পড়ে, যা স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা সাফায়াত হোসেন, শফিকুল ইসলাম সুজন, রুমা আক্তার, হারুন অর রশীদ, রিয়াজ হাওলাদার ও ইউনুস হাওলাদার বক্তব্য দেন। তারা জানান, ২০১২ সালে সর্বশেষ সড়কটি সংস্কার করা হয়েছিল। এরপর প্রায় ১৪ বছর পার হলেও নতুন করে কোনো সংস্কার হয়নি।
এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রিজভী বলেন, ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কারের জন্য প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়েছে। প্রকল্পের অর্থ নির্ধারিত ব্যাংকে জমা থাকলেও অর্থ ছাড় না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করতে পারেনি। তবে দ্রুত কাজ শুরু করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
স্থানীয়দের আশা, দ্রুত অর্থ ছাড় এবং সংস্কারকাজ শুরু হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি মিলবে এবং এলাকার মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।
কসমিক ডেস্ক