টানা দুই সপ্তাহের ধারাবাহিক পতনের পর যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মার্কিন জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সপ্তাহে কৌশলগত মজুত থেকে আরও ৫১ লাখ ব্যারেল তেল কমানো হয়েছে। ফলে বর্তমানে এসপিআরে মোট মজুত দাঁড়িয়েছে ৩১ কোটি ১৪ লাখ ব্যারেল, যা প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন।
এর আগের সপ্তাহেও কৌশলগত মজুত থেকে ৩০ লাখ ব্যারেল তেল কমানো হয়েছিল। টানা এই হ্রাসের ফলে ১৯৮৩ সালের মার্চের পর প্রথমবারের মতো মজুত এত নিচে নেমে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত থেকে ১০ কোটি ৪০ লাখ ব্যারেলের বেশি তেল কমেছে। আন্তর্জাতিক জরুরি তেল ছাড় কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটন মোট ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেল সরবরাহ ও জাহাজ চলাচলে বিঘ্নের আশঙ্কা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর লক্ষ্য বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা এবং মূল্য অস্থিরতা কমানো।
মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি ৩০ লাখ ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, গত ১০ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কৌশলগত তেল মজুত মিলিয়ে মোট মজুত ছিল ৭২ কোটি ৬২ লাখ ব্যারেল, যা ১৯৮৪ সালের পর সর্বনিম্ন। ১৭ জুলাই শেষ হওয়া সপ্তাহের হালনাগাদ তথ্য আগামী বুধবার প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকটের পর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ গড়ে তোলে। বর্তমানে মেক্সিকো উপসাগরীয় উপকূলের ভূগর্ভস্থ লবণ গুহায় এই তেল সংরক্ষণ করা হয়, যার সর্বোচ্চ ধারণক্ষমতা প্রায় ৭১ কোটি ৪০ লাখ ব্যারেল।
কসমিক ডেস্ক